চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন আর চলচ্চিত্রে নিয়মিত না হলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যবসা নিয়ে। শোরুম উদ্বোধন থেকে শুরু করে নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে তিনি বর্তমানে পুরোপুরি ব্যবসায়ী মুডে রয়েছেন।
এক সাক্ষাৎকারে অপু স্বীকার করেছিলেন, একসময় তার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। তবে এখন পরিস্থিতি বদলেছে। সিনেমায় কাজ কমলেও ব্যবসায়িক উদ্যোগেই নিজেকে সক্রিয় রাখছেন তিনি।
সম্প্রতি আলোচনায় এসেছে ‘প্রিন্স কাট’ সেলুন। শোনা যায়, টিকটক তারকা প্রিন্স মামুনের এই সেলুন কিনে নিয়েছেন অপু বিশ্বাস। গুঞ্জন ছড়িয়েছে, নায়িকা নাকি জোর করেই সেলুনটি কিনেছেন!
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রিন্স মামুন বলেন, “অপু আপুর সঙ্গে কী ধরনের চুক্তি হয়েছে, সেটা আমরা পরে জানাব। আপাতত সেলুনটি তিনিই পরিচালনা করছেন।”
অভিনেত্রী অপু বিশ্বাস এ প্রসঙ্গে স্পষ্ট করে বলেন, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা যিনি কেনেন, তারই হয়ে যায়।”
তিনি আরও জানান, এই সেলুন এখন তিনজন মিলে পরিচালনা করবেন—তিনি নিজে, মাসুদ খান এবং কাজী মাহফুজ।
সিনেমার বাইরে ব্যবসায়ী পরিচয়ে নিজের অবস্থান গড়ে তুলছেন অপু বিশ্বাস। আর ‘প্রিন্স কাট’ নিয়ে যত গুঞ্জনই থাকুক না কেন, তিনি জানিয়ে দিলেন—মালিকানা এখন তার হাতেই।