নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্পের সুযোগ নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যদি কেউ নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবেন, তা জাতির জন্য হবে মারাত্মক বিপজ্জনক।”
রোববার (৩১ আগস্ট) রাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে ড. ইউনূস আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এসময় আসন্ন দুর্গাপূজা ঘিরে দেশে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব আরও জানান, বৈঠকের মাঝপথে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং বিশেষ সহকারী মুনির হায়দার সাক্ষাৎ করেন। আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি ও রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে অবহিত করেন।
এ ছাড়া বৈঠকে জাতীয় পার্টি ইস্যু নিয়েও আলোচনা হয়। বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করা হলে প্রধান উপদেষ্টা সেগুলো মনোযোগ দিয়ে শোনেন।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।