জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের মধ্যেই দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকগুলো প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে, সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি’র সঙ্গে এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে আলাদাভাবে বৈঠক হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। প্রতিটি দলের সঙ্গে বৈঠক পৃথকভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে, শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠেছে।
ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলে। এরই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যেই বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।