খুলনা নগরীর লবণচরা এলাকায় গাজী রফিক (৪৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে দশগেট এলাকার নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পেছনের একটি খোলা স্থানে অবস্থান করছিলেন রফিক। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লবণচরা থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।