ভোলা পৌর শহরে নিজ বাড়ির সামনের সড়কে বাবা তার নিজ সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। শনিবার ভোরে পৌরসভার কালিবাড়ী রোডের নববী মসজিদ সংলগ্ন এলাকা থেকে উক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (৩০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন।
নিহতের পরিবার জানায়, আরিফ অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশির উদ্দিনের একমাত্র ছেলে। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করার পর ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের বাবা বশির উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবারের পর আরিফ মাকে ওষুধ খাইয়ে নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন ভোরে নামাজ পড়তে বের হওয়ার সময় তিনি গেটের বাইরে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার দাবি, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় আরিফকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাকে এলাকায় দেখা গেলেও এর কিছুদিন পরই এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।