রাজধানীর বিজয়নগরে এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা। আগামী শনিবার (৩০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্য দাবিগুলোর আজকের মধ্যেই নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা এবং গতকালের হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এ দাবিগুলো তুলে ধরেন। সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম, মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীনসহ অন্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলাটি ছিল পরিকল্পিত। তারা বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং প্রতিবাদ জানাতে টায়ার পোড়ানো হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন, কাকরাইল মোড় ঘুরে বিজয়নগরে এসে শেষ হয়।