ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নবগঠিত সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শত শত শিক্ষার্থী ও তরুণ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিটসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভে যোগ দেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী Sonam Wangchuk। এ সময় অংশগ্রহণকারীরা তাকে দেশের শিক্ষামন্ত্রী করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ওয়াংচুক বলেন, শুধু কোনো ব্যক্তির পদত্যাগ নয়, দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারই হওয়া উচিত মূল লক্ষ্য। তিনি পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং জবাবদিহিতার অভাব দূর করতে দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সিজেপির প্রতিষ্ঠাতা Abhijeet Deepke ভার্চুয়াল বার্তায় আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি অভিযোগ করেন, আন্দোলনের কণ্ঠস্বর দমনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে তাদের।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ভারতের বিচার বিভাগীয় এক মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।