চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সলিমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৩০ আগস্ট) পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ চারজন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে কারখানাটি থেকে ৬টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা গুলি, একটি চাইনিজ কুড়াল, ২০টি ধারালো ছুরি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়াও, সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি ওয়াকিটকি, একটি মেগাফোন এবং চারটি প্যারাসুট ফ্লেয়ার জব্দ করা হয়েছে।
আটককৃত চার সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের পর সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশের নিরাপত্তা ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীর এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।