আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদের এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রার্থী হয়েছেন নরসিংদীর বেলাব উপজেলার তুষার আহম্মেদ শাওন।
শাওন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়নপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচন নিয়ে নিজের অবস্থান তুলে ধরে শাওন বলেন, নির্বাচিত হলে তিনি সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন। তাঁর ভাষায়— “শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা, প্রান্তিক শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়া এবং ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমার লক্ষ্য।”
শাওন বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় সংগঠন ভোরের আলো যুব সংঘ এর যুগ্ম সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সক্রিয়ভাবে কাজ করছেন।