সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে শনিবার (আজ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক নেতারা জানান, তাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। পাশাপাশি ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করাও তাদের দাবির মধ্যে রয়েছে।
সমাবেশে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এবং সহকারী শিক্ষকদের প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানান। বক্তাদের মতে, বর্তমানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতনের মধ্যে দীর্ঘমেয়াদে বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে, যা প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
শিক্ষকরা আরও বলেন, ১৬ বছর চাকরির পর একজন প্রধান শিক্ষকের সঙ্গে একজন সহকারী শিক্ষকের বেতনের পার্থক্য দাঁড়ায় প্রায় ২৫ হাজার টাকা। এই বৈষম্য দূর করা না হলে মেধাবীরা শিক্ষকতায় আগ্রহ হারাবেন। তাই তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মহাসমাবেশ শেষে শিক্ষক প্রতিনিধিদের একটি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার ঘোষণা দেয়।