চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে পিএসজির সমর্থকেরা প্যারিসের রাস্তায় উদযাপনে নামলেও বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে শুধু প্যারিস থেকেই ২৮৩ জনকে আটক করেছে। দেশজুড়ে মোট আটক হয়েছে ৪১৬ জন।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া কয়েকটি যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু সমর্থক গুরুত্বপূর্ণ সড়কে ফ্লেয়ার জ্বালালে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ের পর প্যারিসের শঁজেলিজে এলাকায় হাজারো সমর্থক জড়ো হন। সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সারা দেশে প্রায় ২২ হাজার এবং প্যারিসে ৮ হাজার পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, পিএসজির স্টেডিয়ামের বাইরে কয়েক হাজার সমর্থকের সমাগমে নতুন করে উত্তেজনা দেখা দেয়। কিছু ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এসব সহিংস ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে উত্তেজনার মধ্যেও পিএসজির ঐতিহাসিক শিরোপা জয় উদযাপন অব্যাহত রয়েছে।