চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।
সম্প্রতি কাফ মাসলের চোটে পড়ায় নেইমারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, তিনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। তবে আনচেলত্তি জানিয়েছেন, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং তিনি দ্রুত ফিটনেস ফিরে পাচ্ছেন।
কোচের মতে, উদ্বোধনী ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নেইমারকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি খেলবেন না, তবে মূল আসরের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। দীর্ঘদিন চোট ও ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে থাকলেও এবার তিনি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। আসন্ন বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।