গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদুল আজহার দিন এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিয়ামুল হুদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।