যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহ শামীম আহমদ প্রবাসী বাংলাদেশিদের প্রতি আগামী ৮ সেপ্টেম্বর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিতব্য “মার্চ ফর বাংলাদেশ” কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জননেত্রী শেখ হাসিনার সরকারকে সমর্থন জানাতে এ সমাবেশে প্রবাসীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় (২৫ আগস্ট, সোমবার) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।
শাহ শামীম আহমদ অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট একটি গোষ্ঠীর হামলার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়ে পাকিস্তানপন্থি শক্তি ক্ষমতা দখল করেছে। ওইদিন একযোগে সাড়ে চারশ থানায় হামলা চালিয়ে বহু পুলিশকে হত্যা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। পাশাপাশি ভাস্কর্য ভাঙা, সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে বিতর্কিত করার অপচেষ্টাও চলছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড (১৫ আগস্ট), ২১ আগস্টের গ্রেনেড হামলা কিংবা হলি আর্টিজান হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। অথচ সাম্প্রতিক সময়ে এসব জঙ্গি হামলাকারীদের মুক্তি দেওয়া হয়েছে, যা প্রমাণ করে দেশে জঙ্গিবাদী শক্তির শাসন প্রতিষ্ঠা হয়েছে।
শাহ শামীম আহমদ দৃঢ়তার সঙ্গে বলেন, “জননেত্রী শেখ হাসিনাই একমাত্র দেশপ্রেমিক নেত্রী, যিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে পারেন। তাঁর নেতৃত্বেই দেশ নিরাপদ।”
সভায় বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন আহমদ, মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ ও নুরুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক জুমা আহমদ লিটু, প্রচার সম্পাদক নাছির আহমদ শ্যমল, আশিক মিয়া, ম. আ. কাদির, ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বক্তারা ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠেয় “মার্চ ফর বাংলাদেশ” কর্মসূচিকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।