ব্রিটেনে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। কূটনৈতিক সূত্র অনুযায়ী, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফ্লাইটটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠি অনুযায়ী, বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় যাত্রা শুরু করে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীর জন্য ট্র্যাভেল পারমিট ইস্যু করেছে। ফেরত আসা যাত্রীদের মধ্যে অনেকের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। এই তালিকায় নারী অভিবাসীরাও আছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ জন বাংলাদেশির মধ্যে ছয়জনের কোনো নির্দিষ্ট পেশা নেই। অন্যদের মধ্যে ওয়েটার, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। যুক্তরাজ্য কর্তৃপক্ষ তাদের অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা ব্রিটেনে অবস্থান করছিলেন, তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এই ফেরত পাঠানো প্রক্রিয়া তারই একটি অংশ।