দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতায় শিশু মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে এবং শত শত শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে জানানো হয়, একদিনে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গজনিত কারণে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৮ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও এক হাজার ৮৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নতুন করে ৯৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৮১ শিশু।
এখন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজারের বেশি। নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৭২। হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে ৫২ হাজার ৫৩০ জন রোগী, যাদের বড় একটি অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিভাগভিত্তিক সংক্রমণের হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৪৭৫ শিশু। এছাড়া চট্টগ্রামে ২০৩, বরিশালে ১৫৭, রাজশাহীতে ৮৫, সিলেটে ৫৯, খুলনায় ৫৩, ময়মনসিংহে ২৮ এবং রংপুরে ২৩ শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।