সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ পুরোপুরি রাজনীতি থেকে হারিয়ে যাবে না এবং আগামী জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারে। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লিতে পাঠানো চিঠির প্রসঙ্গে তিনি বলেন, ওই চিঠির ইতিবাচক ফল আসবে—এমন প্রত্যাশা তাঁর ছিল না। তাঁর মতে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্মৃতি দীর্ঘস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারে।
সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও জানান, দায়িত্ব পালনকালে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সরকারের জন্য তা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে—এমন কারণ দেখিয়ে তাঁকে দায়িত্বে থাকার অনুরোধ করা হয়।
নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়েও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ওই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কার্যকর ভূমিকা ছিল না। বরং বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর বিষয়টি পরিচালনা করেছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে তথাকথিত ‘ডিপ স্টেট’-এর ভূমিকা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রায় সব বড় রাজনৈতিক ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততা থাকে।