বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদ আজ ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এতে গুমের সঙ্গে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের আওতায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং ১২০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি প্রিফিংয়ে আরো জানান, দেশের তিনটি স্থলবন্দর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই বন্দরগুলোতে বর্তমানে কোনও কার্যক্রম চলছে না। আরও চারটি স্থলবন্দর নিয়ে পরে আলোচনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ১৭ অক্টোবর সরকারি উদ্যোগে এ দিবস পালিত হবে। আগে কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হতো।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।