নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চিকিৎসার পথে প্রাণ গেল রোগীসহ স্বজনদের
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীরের ভাই আলমগীর মোল্লা (৬০), আলমগীরের স্ত্রী খুশিদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্সচালক কাওছার হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরটিসির একটি বাস ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে মাদারীপুর থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছালে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের স্বজনেরা জানান, আলমগীর মোল্লা কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।
ঘটনাস্থলে এসে নিহতদের এক স্বজন জাফরিন আক্তার বলেন, চিকিৎসার আশায় রওনা হলেও শেষ পর্যন্ত পরিবারের চারজনকেই একসঙ্গে হারাতে হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।