চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খনির গভীরে এখনও আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। শনিবার সকাল পর্যন্ত ২০১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গ্যাস জমে থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
চীনের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত শানশি প্রদেশ। তবে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঘাটতির কারণে এখানকার খনিগুলো দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতেও এ অঞ্চলে একাধিক প্রাণঘাতী খনি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।