চলতি হজ মৌসুমে আরাফার ময়দানে পঠিত খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় অনুবাদ করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন সম্প্রচারমাধ্যমে এই অনূদিত খুতবা প্রচার করা হবে।
পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস জানিয়েছেন, বিশ্বব্যাপী মুসলমানদের কাছে আরাফার খুতবার মূল বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসলামের মধ্যপন্থা, ভারসাম্য ও মানবিক শিক্ষা আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এর উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে হজের বৈশ্বিক প্রভাব বাড়ানোর পাশাপাশি ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের প্রতিশ্রুতিও এই উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।
পরিচালনা পর্ষদের তথ্য অনুযায়ী, আরাফার খুতবা অনুবাদ প্রকল্পটি বহু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে ধর্মীয় বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শায়খ সুদাইস বলেন, আরবি ভাষায় দক্ষ নন এমন মুসলমানরাও যাতে খুতবার আধ্যাত্মিক ও মানবিক শিক্ষা উপলব্ধি করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন। সর্বোচ্চ মান বজায় রেখে খুতবা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বিশেষজ্ঞ দল ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
এবার হজের মূল খুতবা দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। আগামী ৯ জিলহজ আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে তিনি খুতবা প্রদান করবেন, যা বিশ্বের কোটি কোটি মুসলমান সরাসরি শুনতে পারবেন।