ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
বুধবার রাজ্য সচিবালয় নবান্নে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শুভেন্দু অধিকারী বলেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন এবং সিএএর আওতায় পড়ছেন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। তিনি জানান, এদের বিরুদ্ধে ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রাজ্য পুলিশ সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আটক করবে এবং পরবর্তী ব্যবস্থার জন্য বিএসএফের কাছে হস্তান্তর করবে। পরে সীমান্ত সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি অংশ বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর নিয়ে আগে থেকেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে, এই আইনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হতে পারে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, নাগরিকত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।