রাজধানীর বনশ্রীর একটি আবাসিক মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে কিছু সন্দেহজনক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সুরতহাল শেষে পুলিশ বলছে, শিশুটির পায়ুপথ অস্বাভাবিক ফাঁকা। ধারনা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের একটি হিফজ মাদ্রাসার বাথরুমে গলায় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ (১০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন এবং আবাসিকভাবে সেখানে থাকতেন।
রামপুরা থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও শরীরে পাওয়া কিছু আলামতের কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। তার বাবা বর্তমানে বিদেশে অবস্থান করছেন।