সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পাওয়ার পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে টাইগাররা। দেশের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ র্যাঙ্কিং।
সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থান থেকে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবমে এবং শ্রীলঙ্কা উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮। এর আগে দলের পয়েন্ট ছিল ৬৭। বিপরীতে পাকিস্তানের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৫।
এই সিরিজে ভালো পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ মোট ১১ রেটিং পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।
বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
তিন বছরের নির্ধারিত চক্রে প্রয়োজনীয় সংখ্যক টেস্ট না খেলায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে র্যাঙ্কিং তালিকায় রাখা হয়নি।