মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাসের শিশু সন্তান। তারা মাদারীপুর সদর উপজেলা-এর কলাগাছিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা রোববার বিকেলে শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয় মিষ্টি বাড়ৈয়ের বাসায় বেড়াতে যান। মিষ্টি বাড়ৈ সেখানে গত তিন বছর ধরে ভাড়া থাকছেন। রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে চিন্ময় দাস ও তার শিশুসন্তানের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ইশা দাসের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর রাতেই র্যাব-৮ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা— তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।