হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আবেদনে মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়।
রিটে বলা হয়েছে, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত ও এর প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান রিটকারী আইনজীবী। তার দাবি, দেশে হামের সংক্রমণ বাড়ার পেছনে টিকা ব্যবস্থাপনায় অনিয়ম ও সিদ্ধান্তগত ত্রুটি রয়েছে, যা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
রিটে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, সাবেক প্রেস সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।