সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারকে নিয়ে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তার নামে ভুয়া মৃত্যুসংবাদ প্রচার করা হলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।
কারিনার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, মেয়ের শারীরিক অবস্থা নিয়ে পরিবার আগেই দুশ্চিন্তায় রয়েছে। এর মধ্যে এমন গুজব তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করছে। তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন।
পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কারিনা। তার ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও লিভারের জটিলতার চিকিৎসা এখনও চলছে। চিকিৎসকের পরামর্শে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে চেন্নাই নেওয়া হয়। সেখানে মা ও দুই ভাই তার সঙ্গে রয়েছেন। পরিবারের দাবি, প্রথমে জ্বর ও সংক্রমণ ধরা পড়লেও পরে হেপাটাইটিস এ এবং ই-এর জটিলতায় তার লিভারের অবস্থা গুরুতর হয়ে পড়ে। একপর্যায়ে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও বিভিন্ন কনটেন্টের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরে নাটক, চিত্রনাট্য ও ওটিটি মাধ্যমে কাজ শুরু করেন। তার অভিনীত ও নির্মিত কয়েকটি কাজ তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।