সরকারের তিন মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভার আকার বাড়ানো এবং কিছু মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাজের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কয়েকজন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে সরকারের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ কারণে নতুন মুখ যুক্ত করার আলোচনা জোরালো হয়েছে বলে জানা গেছে।
বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভায় পরিবর্তন বা সম্প্রসারণ অস্বাভাবিক কিছু নয়। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে এবং প্রয়োজন মনে করলে তিনিই তা করবেন।
রাজনৈতিক মহলে যেসব নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে রয়েছেন আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন ও সেলিমা রহমান। এছাড়া টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমানের নামও আলোচনায় এসেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে চাইলে শিগগিরই মন্ত্রিসভায় পরিবর্তনের ঘোষণা আসতে পারে।