এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও মানুষ হত্যা করে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ বাংলাদেশে মাদরাসার শিক্ষার্থীরাই মন্দির পাহারা দিয়েছিল।
তিনি আরও বলেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হলে পরবর্তীতে জুলাইয়ের ঘটনাগুলো ঘটত না। তার ভাষ্য অনুযায়ী, বিচারহীনতার সংস্কৃতির কারণেই পরবর্তীতে আরও সহিংসতার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে এনসিপি নেতা ইসহাক সরকার বলেন, সে সময় খালেদা জিয়া নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে বিএনপির ভেতরের কিছু বামপন্থী নেতার কারণে হেফাজতের আন্দোলন সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।