সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো উদ্যোগের কথা বাংলাদেশকে জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা রাজনৈতিক সিদ্ধান্ত সে দেশের অভ্যন্তরীণ বিষয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে বক্তব্য এসেছে, সেটি নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে না।
তিনি আরও বলেন, যদি ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্তসংক্রান্ত কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে জানানো হবে এবং বিষয়টি তখন আলোচনায় আসবে।
সম্প্রতি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা দেন যে, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে, সে বিষয়ে এখনো বাংলাদেশের কাছে নিশ্চিত কোনো তথ্য আসেনি বলেও জানান তিনি।
ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ঈদের আগে ও পরে ৭ দিন করে মোট ১৪ দিনের জন্য পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, নৌপরিবহন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর হটলাইন সক্রিয় রাখা হবে।