দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ শিশু।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল থেকে ১২ মে সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ জন।
এদিকে বিভিন্ন হাসপাতালে শিশুদের চাপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা। চিকিৎসকেরা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।