মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের বালিং জেলার কুপাং এলাকায় ভর্তুকিযুক্ত বুদি মাদানি রন৯৫ (BUDI95) পেট্রোল কোটার অপব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি পেট্রোল স্টেশন কর্মীকে আটক করেছে পুলিশ।
১১ মে, এ্যাস্ট্রৌ আওয়ানির এক প্রতিবেদনে বলা হয়, বালিং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট ব্র্যান্ডন রিচার্ড জো জানান, সেলাঙ্গর থেকে আসা ৫৭ বছর বয়সী এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযোগকারী দাবি করেন, তার নামে বরাদ্দকৃত বুদি মাদানি রন৯৫ ভর্তুকি কোটার পেট্রোল অন্য কেউ ব্যবহার করেছে।
তিনি জানান, গত ৮ এপ্রিল বিকেল প্রায় ৪টা ৪৮ মিনিটে শাহ আলমের সেতিয়া আলামের একটি পেট্রোল স্টেশনে অবস্থানকালে ওই ব্যবসায়ী বিষয়টি জানতে পারেন। পরে তিনি বুদি৯৫ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাচাই করে দেখেন, তার জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে বালিংয়ের কুপাং এলাকার পাদাং লেংকুয়াসের একটি পেট্রোল স্টেশনে ভর্তুকিযুক্ত রন৯৫ পেট্রোল কেনা হয়েছে।
পুলিশের তদন্তে জানা যায়, গত ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি লেনদেনের মাধ্যমে অভিযোগকারীর পরিচয়পত্র নম্বর ব্যবহার করে ৩০৯ দশমিক ০৩৮ লিটার রন৯৫ পেট্রোল নেওয়া হয়েছে, যার মোট মূল্য ১ হাজার ২৪২ রিঙ্গিত ৩৩ সেন।
এ ঘটনায় ৩৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক, যিনি ওই পেট্রোল স্টেশনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন, তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে মালয়েশিয়ার দণ্ডবিধির ৪২০ ধারায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্থানীয় এক মালয়েশিয়ান নাগরিকের সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে এবং তাকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।