শেহরিন আমিন মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ
-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেখেন, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের নানা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর অপরাধবিজ্ঞান বিভাগের এই শিক্ষক জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর সাইফুদ্দীন আহমদ দায়িত্ব পালনের প্রস্তাব দিলে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তিনি তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে বলেন, উত্তপ্ত পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা এবং আত্মসম্মান বজায় রেখে কাজ করার শিক্ষা তিনি পেয়েছেন।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির উল্লেখ করে মোনামী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে সময় পার করেছে, তা সম্ভবত অন্য কোনো প্রক্টরিয়াল টিমকে মোকাবিলা করতে হয়নি। সেই টিমের অংশ হতে পারাকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখছেন।
পোস্টের শেষাংশে তিনি নবনিযুক্ত প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনাও জানিয়েছেন।