বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত চলমান যুদ্ধের অবসান হবে না। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি থাকলেও সংঘাত শেষ হয়নি এবং ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করাই এখন প্রধান লক্ষ্য।
নেতানিয়াহুর দাবি অনুযায়ী, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর তথ্যমতে, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে।
তিনি আরও বলেন, ইরানের গোপন স্থাপনাগুলোতে এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলমান রয়েছে। যদিও সাম্প্রতিক সামরিক অভিযানে তাদের সক্ষমতা কমেছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি।
গত বছর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। কয়েক দফা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর সামরিক সংঘাত শুরু হয় এবং পরে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধান এখনো আসেনি।