ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংক মিশরকে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্বব্যাংকের মিশর, ইয়েমেন ও জিবুতির আঞ্চলিক পরিচালক স্টিফেন গুইমবার্ট জানান, যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মিশরের ওপর বাড়তি চাপ সামাল দিতেই সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
নতুন সহায়তাসহ মোট প্যাকেজের পরিমাণ দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলারে। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৮০০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য সরকার ২০০ মিলিয়ন ডলারের গ্যারান্টি দিচ্ছে।
শুক্রবার (৮ মে) বিশ্বব্যাংকের বোর্ড এই সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।
জানা গেছে, এই অর্থ বেসরকারি খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক রূপান্তরের কাজে ব্যয় করা হবে।
স্টিফেন গিমবার্ট বলেন, “ইরান যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিশরও এর বড় ধরনের প্রভাবের মুখে পড়েছে। সে কারণেই সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।”
তিনি আরও জানান, ঋণটি বাণিজ্যিক বাজারের তুলনায় অনেক সহজ শর্তে দেওয়া হচ্ছে। এতে সুদের হার হবে প্রায় ৬ শতাংশ, ঋণের মেয়াদ ৩০ বছর এবং কিস্তি পরিশোধ শুরুর আগে কিছু সময়ের ছাড়ও থাকবে।