ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৯ মে) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন কসবা উপজেলার ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে নবীর হোসেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের সদস্যদের মুখোমুখি হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন।
পরে আহত দুজনকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, বিএসএফ ও ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।