কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ৭ মে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক রসমালিজা বিনতি মোহাম্মদ রশিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে।
বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল ডিটেনশন সেন্টারগুলোর সঙ্গে হাইকমিশনের নিয়মিত তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে।
এসময় অপারেশন পরিচালনা ও ডিটেনশন ক্যাম্পে অবস্থানকালে প্রবাসীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।