বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেয় দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় চিঠিতে জানানো হয়েছে, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। পরে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও তাঁর জবাব সন্তোষজনক হয়নি।
তবে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানানো হয় চিঠিতে।
এছাড়া ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতি যেন ক্ষুণ্ন না হয়—সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।