খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়।
তবে নিহতের পিতার দাবি ভিন্ন। তিনি বলেন, তার মেয়েকে স্বামী আবুল কালাম পরিকল্পিতভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের শাশুড়িও জড়িত থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেন।
নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার বাসিন্দা ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। তার স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।