মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে আছেন বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে সেখানে কাজ করছেন, যা মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির প্রায় ৩৭ শতাংশ।
সোমবার সংসদীয় প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রণালয়। পরদিন দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো খবরটি প্রকাশ করে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে করোনা-পরবর্তী সময়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে সে বছর প্রায় ৪৯ হাজার বাংলাদেশি সেখানে পাড়ি জমান। এরপর ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে শুধু সেই বছরেই ৩ লাখ ৯৭ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে যোগ দেন।
তবে এ সময়ে কিছু শ্রমিককে দেশে ফিরতেও হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২০ হাজারের বেশি এবং ২০২৩ সালে ২৩ হাজারের বেশি বাংলাদেশি কর্মীকে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠান। এরা সবাই সাময়িক কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন।
অন্যদিকে, অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় এ পর্যন্ত ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।