ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে ছুরিকাঘাতে এক তরুণীকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার পর থেকে ১১টার মধ্যে স্টেশন সংলগ্ন রেললাইনের একটি অন্ধকার জায়গায় এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম শ্যামলী খাতুন (২৮)। অভিযুক্ত ব্যক্তি মো. সুজন (৪০), যিনি একটি পোশাক ব্র্যান্ডের শো রুমে চাকরি করেন।
পুলিশ জানায়, শ্যামলীকে ছুরিকাঘাতের পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় রেলওয়ে পুলিশ সুজনকে আটক করে। ঘটনার মুহূর্তটি নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে সুজন দাবি করেছেন যে, শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে ক্ষোভ থেকে তিনি হত্যাকাণ্ড ঘটান।
তদন্তে জানা গেছে, সুজন নিজের বাসা থেকে ছুরি নিয়ে আসে এবং শ্যামলীকে বেড়ানোর কথা বলে ডেকে কমলাপুরের নির্জন এলাকায় নিয়ে যায়। পরে রেললাইনের ওপর ছুরি মেরে হত্যা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সুজনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অপরদিকে, শ্যামলী পূর্বে ‘স্বপ্ন’ সুপারশপে কাজ করতেন এবং স্বামী থেকে বিচ্ছেদের পর এক সন্তানের সঙ্গে বসবাস করছিলেন।