ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ সংঘটিত বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। মামলায় সাবেক সরকারের কয়েকজন উপদেষ্টা, প্রতিরক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিমান বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তাদেরও আসামি করার আবেদন জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২১ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অভিযোগ অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটি থাকা সত্ত্বেও বিমানটি উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। পরে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আছড়ে পড়ে।
ঘটনায় বহু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ মোট ৩৫ জন নিহত হন বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে আহত হন শতাধিক মানুষ, যাদের অনেকেই স্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দায়িত্বে থাকায় মুহাম্মদ ইউনূসের ওপরও প্রশাসনিক দায় বর্তায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগও আনা হয়েছে।
আদালত মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি বিবেচনায় নিয়েছে বলে জানা গেছে।