রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটের যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় ৩০এ সিটে বসা বিদেশি নারী এম এস কারেন পেতুলা স্টাফলকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়।
পরে গ্রিন চ্যানেলে ব্যাগেজ স্ক্যান করার সময় তার লাগেজ থেকে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার হয়। প্রতিটি জারের ভেতর ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো ২২ পিস কোকেন লুকানো ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষায় উদ্ধারকৃত পদার্থ কোকেন হিসেবে শনাক্ত হয়েছে। জব্দকৃত কোকেনের ওজন ৮.৬৬ কেজি, যার মূল্য আনুমানিক ১৩০ কোটি টাকা।
এ ঘটনায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।