আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধান মেনে চলা এবং অনৈতিকতা থেকে দূরে থাকার লক্ষ্য থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে তিনি সেই পথে না গিয়ে বৈধ সম্পর্কের মধ্যেই থাকতে চেয়েছেন।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত তাঁর প্রথম স্ত্রীর জন্য কষ্টদায়ক হয়েছে, যা তিনি উপলব্ধি করেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি সহজভাবে গ্রহণের জন্য প্রার্থনাও করেছেন বলে উল্লেখ করেন।
রফিকুল ইসলাম মাদানী সবার কাছে দোয়া চেয়ে বলেন, যেন তাঁর দুই পরিবারই ধৈর্য ধারণ করতে পারে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। একই সঙ্গে তিনি ন্যায়বিচার বজায় রাখার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে আল্লাহর কাছে সে সামর্থ্য কামনা করেন।