পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ফলাফলের প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে যেতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি-কে। সোমবার সকাল থেকে পোস্টাল ব্যালট গণনার পর ইভিএমের ভোট গণনা শুরু হলে ধীরে ধীরে চিত্র স্পষ্ট হতে থাকে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের এই নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। তবে গণনার মধ্যবর্তী পর্যায়েই বিজেপি প্রায় দুই শতাধিক (১৯৯) আসনে এগিয়ে গিয়ে স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে পড়েছে বলে জানা গেছে।
রাজ্যের গুরুত্বপূর্ণ ভবানীপুর আসনে মুখোমুখি লড়াইয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ আসনে প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও সামগ্রিক রাজ্য চিত্রে তার দল পিছিয়ে রয়েছে।
এদিকে ভোট গণনার পরিবেশ ঘিরে উত্তেজনাও ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। কিছু গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ফলাফলের উপস্থাপনায় পক্ষপাত থাকতে পারে এবং কিছু কেন্দ্রে গণনা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শেষ পর্যন্ত তার দলই জয় পাবে।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে। দলটির নেতারা বলছেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভোটের ধরণে পরিবর্তন এসেছে এবং তা তাদের পক্ষে যাচ্ছে।
রাজ্যের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সব মিলিয়ে ভোট গণনা শেষ না হলেও প্রাথমিক চিত্রে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।