বায়তুল মালের চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতে ইসলামীর এই কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
সোমবার (৪ মে) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না!’
তিনি অভিযোগ করেন, ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে চাঁদা আদায় করা হলে তা ধোঁকাবাজি বা চাঁদাবাজির পর্যায়ে পড়তে পারে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ইসলামের নামে এ ধরনের অর্থ সংগ্রহ শরিয়াসম্মত কি না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি ভিডিওতে জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ কে বলতে শোনা গেছে, ‘বায়তুল মালের জন্য মাসে ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু স্ত্রীর চিকিৎসায় ২ লাখ টাকা খরচ করো।’
এই বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, যদি কোনো রাজনৈতিক দল কুরআন-হাদিসের ব্যাখ্যা ব্যবহার করে চাঁদা সংগ্রহ করে, তবে তা ইসলামের সঙ্গে কপটতা ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, যারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কথা বলে রাজনীতি করেন, তাদের জন্য এ ধরনের বক্তব্য বিব্রতকর। পোস্টের শেষাংশে ইসলামের নামে কপটতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।