বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র-এ জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর চেয়ে বেশি হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সামনে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ দাঁড়িয়েছে প্রায় ৩১ দশমিক ২৭ ট্রিলিয়ন ডলারে, যেখানে জিডিপি প্রায় ৩১ দশমিক ২২ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ ঋণ-জিডিপি অনুপাত ১০০ শতাংশ ছাড়িয়েছে, যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বাজেট ঘাটতি ও সরকারি ব্যয়ের লাগামহীন বৃদ্ধির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর জিডিপির প্রায় ৬ শতাংশ সমপরিমাণ ঘাটতি নিয়ে চলছে। অর্থাৎ সরকার যত আয় করছে, তার চেয়ে অনেক বেশি ব্যয় করছে।
তথ্য অনুযায়ী, প্রতি ১ ডলার আয়ের বিপরীতে প্রায় ১ দশমিক ৩৩ ডলার ব্যয় করছে মার্কিন সরকার। চলতি অর্থবছরেও বাজেট ঘাটতি ধরা হয়েছে প্রায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।
অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ১০৬ শতাংশ ঋণ-জিডিপি অনুপাতের রেকর্ডও অতিক্রম করতে পারে যুক্তরাষ্ট্র। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যে এই হার আরও বাড়বে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঋণের চাপ বাড়লে সুদের হার বৃদ্ধি, বিনিয়োগ কমে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হওয়া এবং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বাড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
তাদের মতে, দ্রুত কার্যকর নীতি গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র।