দেশকে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতার ভিত্তিতেই প্রশাসনে পদোন্নতি ও বদলি করা হবে।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন, প্রশাসনের জবাবদিহি ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে আপস করে ব্যক্তিস্বার্থ অর্জন করা সাময়িকভাবে লাভজনক হলেও তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এতে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং দুর্নীতি বাড়ে।
ডিসিদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রশাসনের যেকোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জনগণের সঙ্গে সরকারের সংযোগ রক্ষায় ডিসিদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই সরকারও তাদের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা চ্যালেঞ্জপূর্ণ। অতীতের দুর্নীতি ও ঋণের বোঝা নিয়ে সরকার কাজ শুরু করেছে। তবে অল্প সময়ের মধ্যেই কিছু অগ্রগতি হলেও তা এখনও সন্তোষজনক নয়।
প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক নির্দেশনাও দেন। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ সাশ্রয়ে নির্ধারিত সময়ের মধ্যে মার্কেট বন্ধ নিশ্চিত করা, মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করা, জনগণের অভিযোগ গুরুত্বসহকারে দেখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এছাড়া শিক্ষার্থীদের জন্য সারা বছরজুড়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন একটি নৈতিক রাষ্ট্র গড়ার লক্ষ্যেও কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।