ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন।
তিনি জানান, সংঘাত শুরুর পর থেকেই ফ্রান্স এ যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তার মতে, অভিযানের লক্ষ্য এখনো স্পষ্ট নয় এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে যুক্ত হওয়া সম্ভব নয়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুরু থেকেই তারা এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন। সংঘাত আরও বিস্তৃত হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর জোর দেন। ওই অঞ্চলে নৌ চলাচল স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার কথাও জানান।
তার ভাষ্য, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি বা চাপ প্রয়োগের মাধ্যমে সুবিধা আদায় গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক জলসীমায় অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। এর জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নেয়, যার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যায় এবং বিশ্ব জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে।