ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অভিযুক্তদের একজন মধ্য ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন।
ইরানের বিচার বিভাগের বরাতে বলা হয়েছে, ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহ ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের দায়ে দোষী সাব্যস্ত হন। এরপর তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিযোগ অনুযায়ী, কারিমপুর গুরুত্বপূর্ণ তথ্য মোসাদের এক কর্মকর্তার কাছে পৌঁছে দিতেন। অন্যদিকে, বাকরজাদেহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতাদের পাশাপাশি কৌশলগত স্থাপনাগুলো, বিশেষ করে, নাতাঞ্জ এলাকার তথ্য সংগ্রহ করতেন।
উল্লেখ্য, গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এসব ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয় না বলে সমালোচনা রয়েছে।